নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে নাজির খান (৫৭) নামে এক ব্যক্তিকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত নাজির খান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মহাজন এলাকায় নবগঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাজন এলাকায় নবগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজারসহ মূলহোতা নাজির খান ও তার তিন সহযোগীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম বলেন, ‘‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাজির খানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ভবিষ্যতে ‘আর কখনো অবৈধভাবে বালু উত্তোলন করবে না’ মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।"