স্টাফ রিপোর্টার
, যশোর
এক লাখ টাকা ও জমি লিখে না দেয়ায় ভাতের থালায় লাথি এবং কিল ঘুসি, চড় থাপ্পড় মেরে বাবাকে জখমের অভিযোগে মামলা হয়েছে দুই ছেলের বিরুদ্ধে।
আহতের স্ত্রী শহর বানু (৬০) মঙ্গলবার দুই ছেলে ও তাদের স্ত্রীর বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ করেছেন।
এরআগে অভিযুক্তরা তাদের বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে দেয়। তারা দুইজন বাড়ির গোয়ালঘরে বসবাস করেন।
তিনি যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের ওসমান মোল্লার স্ত্রী।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম তিনদিনের মধ্যে নালিশি দরখাস্তটি কোতোয়ালি থানায় নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা হচ্ছে, শহর বানুর দুই ছেলে রাসেল ও সোহেল রানা এবং রাসেলের স্ত্রী পলি ও সোহেল রানার স্ত্রী রিয়া।
শহর বানু নালিশি অভিযোগে উল্লেখ করেছেন, তার দুই ছেলে মাদকাসক্ত। তাদের নামে জমি লিখে দেয়া এবং নগদ এক লাখ টাকার জন্য প্রায় চাপ দিয়ে আসছে। কিন্তু তার স্বামী রাজি না হওয়ায় প্রায় সময় গালিগালাজ ও মারপিট করে, খুন জখমের হুমকি এমনকী তাদের ঘর থেকেও তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে তিনি তার স্বামীকে নিয়ে একটি মাটির গোয়ালঘরে বসবাস করেন। গত ২৫ এপ্রিল দুপুরে তিনি ও তার স্বামী গোয়ালঘরে দুপুরের খাবার খেতে বসেন। সে সময় ওই চারজন গালিগালাজ করতে থাকে এবং লাঠিসোটা নিয়ে তার উপর আক্রমণ চালায়। ছেলে রাসেল তার ও তার স্বামীর ভাতের থালায় লাথি মেরে ফেলে দেয়। এরপর চারজনে মিলে কিল ঘুসি, চড়, লাথি, থাপ্পড় মেরে জখম করে। অপর ছেলে সোহেল রানা একটি ইট নিয়ে তার স্বামীর বুকে আঘাত করে। তিনি ঠেকাতে গেলে তার বুকেও লাথি মারলে তিনি ছিটকে পড়েন। এরপর ঘরে ঢুকে বিছানার নিচ থেকে বিশ হাজার টাকা নিয়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে আসামিরা সাতদিনের মধ্যে নগদ এক লাখ টাকা ও জমি লিখে দেওয়ার কথা বলে। না হলে প্রাণে শেষ করে দেওয়া হবে বলে শাসায়।
পরে তিনি ও তার স্বামী যশোর জেলারেল হাসপাতালে চিকিৎসা নেন। তারা ভীত সন্ত্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন বলে নালিশি দরখাস্তে উল্লেখ করেছেন।