নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া পৌরসভায় ক্লাস চলাকালীন সময় ঝড়ে শ্রেণিকক্ষের ওপর গাছ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডার গার্টেন বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো, ছোট কালিয়া গ্রামের নূর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টিন দিয়ে নির্মিত ওই বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গণের পাশে থাকা একটি ঝুঁকিপূর্ণ পুরনো নারিকেল গাছ উপড়ে শ্রেণিকক্ষের চালের ওপর পড়ে।
এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সিয়াম ও মাজেদুল গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ বা ছাঁটাই না করায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী।
তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয় স্কুল কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে।
পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে এবং তদন্তে গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।