মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে রানা আহমেদ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবীর এই রায় দেন। দণ্ডিত রানা আহমেদ জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হামিদুল হকের ছেলে।
মামলার অপর দুই আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।
ঘটনার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৯ এপ্রিল দুপুরে পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবলু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম কাজিপুর-বামন্দী সড়কের হাড়াভাঙ্গা সেন্টারবাজার এলাকায় একটি ড্রাম ট্রাক (নং ঢাকা মেট্রো-চ-২০-৯৪৪৯) থামান।
ট্রাকের পেছনে থাকা তিন ব্যক্তি লাফিয়ে পালিয়ে যান। ওই সময় সাব্বির হোসেন, রানা আহমেদ ও দুখু মিয়া নামে অপর তিনজনকে আটক করে পুলিশ। এসময় স্বাক্ষীদের উপস্থিতিতে ট্রাকটির সিটের নিচ থেকে ৩৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। মামলায় নয়জন স্বাক্ষ্য প্রদান করেন।
এতে রানা আহমেদ দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম ও আসামি পক্ষে অ্যাডভোকেট কেএম নুরুল হোসেন রঞ্জু।
এছাড়া, বেখসুর খালাসপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিনের অ্যাডভোকেট ছিলেন কামলরুল হাসান ও আমানুল্লাহ আল আমান।