খুলনা প্রতিনিধি
খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সন্ত্রাসীদের মহড়া ও সাংবাদিকদের হুমকির ঘটনায় দু'আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘিরপাড় হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু'জন হলেন দক্ষিণ নিরালা দশ নম্বর রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে সবুজ (৪১)।
তারা উভয়েই দর্জি পেশায় নিয়োজিত। আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন তারা।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এস আই বিশ্বজিত কুমার বসু জানান, এজারহার নামীয় চারজন আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অজ্ঞাতনামা আসামির তালিকায় রয়েছেন।
ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে তাদের উপস্থিতি লক্ষনীয় ছিল। তারা রজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। পেশায় খুলনার আক্তার চেম্বারের একটি প্রতিষ্ঠানে দর্জির কাজ করে।
ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে এরা দু'জন পলাতক ছিলেন। সোর্স নিয়োগ করে তাদের দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেননি। তাদের মঙ্গলবার (২৮ এপ্রিল) কারাগারে পাঠানো হয়।
গত রোববার (২৬ এপ্রিল) খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলার সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপাতি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকেন।
তখন এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তাকে হুমকি ধামকি দেওয়া হয়।
এ ঘটনায় খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দত্ত বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।