স্টাফ রিপোর্টার
, যশোর
তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আদালতে নালিশি অভিযোগ দিয়েছেন যশোরের এইচএমএম রোডের বাসিন্দা শিকদার আব্দুল জলিলের ছেলে আকিব জাওয়াদ (২৯)।
সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের আদালতে তালাকপ্রাপ্ত স্ত্রী জয়শ্রী বণিক পিংকি ওরফে আয়েশা সিদ্দিকার (২৫) বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়। আয়েশা সিদ্দিকা ঢাকার কামরাঙ্গীরচর থানার নবাবচর হুজুরপাড়া এলাকার মনোরঞ্জন বণিকের মেয়ে।
আদালত অভিযোগটি আমলে নিয়ে তা তদন্তপূর্বক ব্যবস্থা নিতে পিবিআই যশোরকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, আকিবের সাথে পিংকির ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। সেই সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৩ সালের ১৪ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের সময় পিংকি সনাতন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন। নাম দেওয়া হয় আয়েশা সিদ্দিকা। বিয়ের পর থেকে পিংকি তার (আকিবের) পরিবারের সদস্যদের সাথে নানাভাবে ব্লাকমেইলিং করতে থাকেন। এতে তিনি চরম অশান্তি ও অস্বস্তিতে ভুগছিলেন। ফলে, বাধ্য হয়ে আকিব ২০২৫ সালের ৪ মার্চ পিংকিকে তালাক দেন।
তালাকপ্রাপ্ত হয়ে পিংকি ব্যাপক ক্ষিপ্ত হন। আকিবকে নানাভাবে হুমকি দিতে থাকেন। ওই বছরের ১৯ আগস্ট কোতোয়ালি থানায় একটি জিডি করেন। জিডির পর আরো ক্ষিপ্ত হয়ে পিংকি ১৬ ডিসেম্বর আকিবের মেইলে হুমকি বার্তা দেন এবং তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং চলতি বছরের ২১ মার্চ পিংকি যশোর গ্রুপ নামে একটি আইডিতে সেগুলো আপ করেন। এছাড়া, তার ব্যক্তিগত ম্যাসেঞ্জারেও ভিডিও পাঠান। এতে তার মানসম্মানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতাই ভুগছেন। এই বিষয়ে তিনি থানায় মামলা করতে গেলে থানা পুলিশের পরামর্শে তিনি আদালতে নালিশি অভিযোগ দেন।