কালিয়া (নড়াইল) প্রতিনিধি
পৃথক অভিযানে একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে নড়াগাতী পুলিশ।
সোমবার ভোর সাড়ে তিনটার দিকে নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকায় তাদের নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লাকী মীর (৪৬) ও আবু তালুকদার (৩০)। লাকী মীর ওই গ্রামের আশরাফ আলী মীরের ছেলে এবং আবু তালুকদার একই গ্রামের টিপু তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে তিনটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। লাকী মীরের বিরুদ্ধে নড়াইল, নড়াগাতী, ঢাকা ও খুলনা জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও দণ্ডবিধির বিভিন্ন ধারার একাধিক মামলা রয়েছে।
অপরদিকে, আবু তালুকদারের বিরুদ্ধে নড়াগাতী থানায় রয়েছে তিনটি মামলা। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে কয়েকটি বিচারাধীন এবং কিছু মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।