লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রাইভেট পড়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী নড়াইলের লোহাগড়ায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ভ্যানচালক আজিবার রহমানের (৫০) বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। পুলিশ অভিযুক্ত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়েরকৃত মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়ার একটি গ্রামের ১২ বছর বয়সী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।
৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়ে ভ্যানচালক আজিবারের ভ্যানে চড়ে সে বাড়ি ফিরছিল। অভিযোগ, পথে একটি নির্জন স্থানে ভ্যান থামিয়ে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন চালক আজিবার। রাজি না হওয়ায় আজিবার তার শ্লীলতাহানি করেন। তখন শিশুটির চিৎকারে স্থানীয় দুই ব্যক্তি এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান।
এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই স্কুলছত্রীর বাবা ভ্যানচালকের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেন। এরপর পুলিশ আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।