মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে বিদ্যুৎ বিভাগের লাইনম্যানকে মারধর করার প্রতিবাদে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা তিনঘন্টা কর্মবিরতি পালন করেছেন।
শনিববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মেহেরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে বসে এই কর্মবিরতি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, হামলায় আহত মিটার রিডার জিয়াউর রহমান জুয়েল ও লাইনম্যান রুবেল হোসেন।
তারা হুঁশিয়ারি দেন, আজকের মধ্যে পুলিশ আইনগত ব্যবস্থা না নিলে আগামীকাল থেকে আরো কঠোর অবস্থানে যাওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুরে মেহেরপুর শহরের শ্যামসুন্দরপাড়া এলাকায় বিদ্যুতের মিটার রিডার জিয়াউর রহমান জুয়েল রিডিং নিতে যান। এ সময় ওই এলাকার এক ব্যক্তি তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিটার রিডিং কাজে বাধা দেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কর্মচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।