সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সুস্থ নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ জুন) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান 'বারসিক' এবং 'শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম' যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষার নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডগুলোতে, 'পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন', 'আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি', 'সঠিক জায়গায় ময়লা ফেলি, দূষণমুক্ত আবাসন গড়ি', 'যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন' এবং 'পরিচ্ছন্ন চারপাশ, রোগবালাই হবে নাশ', ইত্যাদি দাবি ও স্লোগান তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের বিভিন্ন এলাকা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার চরম বেহাল দশা; সামান্য বৃষ্টিতেই পানি জমে ময়লা-আবর্জনা রাস্তায় ভেসে বেড়ায়।
প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরায় ময়লা ফেলার কোনো নির্দিষ্ট স্থান বা ডাম্পিং স্টেশন গড়ে তোলা হয়নি। ফলে নাগরিক সেবার মান এখন তলানিতে গিয়ে ঠেকেছে। অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে এই শহর অচিরেই বসবাসের যোগ্যতা হারাবে।
এ সময় বক্তারা শহরকে বাঁচাতে ময়লা ফেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার জোর দাবি জানান।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অ্যাডভোকেট বিপ্লব হোসেন, বারসিক এর প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মন্ডল, ইমতি জামিল ও নুরজাহান খাতুন প্রমুখ।