স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামে চেতনানাশক স্প্রে করে এক বৃদ্ধ দম্পতিকে অজ্ঞান করে নগদ টাকা, সোনার অলংকার, বিদেশি মুদ্রা ও পাসপোর্ট লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রবিউল ইসলাম (৬৫) পদ্মবিলা গ্রামের মৃত হাজী রহিম বক্স সরদারের ছেলে। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী, তার স্ত্রী রোকসানা বেগম (৬০)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে যেকোনো এক সময় চোর বা চোরের দল রবিউল ইসলামের দ্বিতল ভবনের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা শয়নকক্ষে চেতনানাশক স্প্রে করে রবিউল ইসলাম ও তার স্ত্রীকে অজ্ঞান করে ফেলে। এরপর আলমারির তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা, ৮/৯ ভরি ওজনের সোনার গহনা, চারশ’ মার্কিন ডলার এবং দুটি পাসপোর্ট নিয়ে যায়।
মঙ্গলবার সকালে পরিবারের অন্য সদস্যরা তাদের অচেতন অবস্থায় দেখতে পায় এবং যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।