মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছসহ মো. আব্দুল হালিম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের কালীগাংনী ভিটাপাড়া বিলের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. আব্দুল হালিম কালীগাংনী এলাকার বাসিন্দা।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কুতুবপুর ইউনিয়নের কালীগাংনী ভিটাপাড়ার বিলের মাঠের মধ্যে অবস্থিত চারদিকে ইটের দেয়াল ঘেরা একতলা একটি বাড়ির উঠানে অভিযান চালায়। সেখানে বাড়ির মালিক আব্দুল হালিম অবৈধভাবে গাঁজার গাছের চাষ করছিলেন। অভিযানে তাকে আটকের পাশাপাশি তার চাষকৃত ৩টি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার গাছগুলোর উচ্চতা যথাক্রমে ৯ ফুট ৪ ইঞ্চি, ৬ ফুট ৩ ইঞ্চি ও ৩ ফুট ৬ ইঞ্চি। গাছগুলোর মোট ওজন যথাক্রমে ৩ কেজি ১০০ গ্রাম, ৪৫০ গ্রাম ও ৪০ গ্রাম।
এ ঘটনায় আটক আব্দুল হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।