স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার বাসিন্দা গফফার মিস্ত্রির মাদকাসক্ত ছেলে লিমন হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিজের বাবা-মাকে মারধরের অভিযোগে শুক্রবার বেলা ১২টার দিকে মোবাইল কোর্ট তাকে এই শাস্তি দেন।
যশোর ডিবি পুলিশের এসআই সালাহউদ্দিন বিষয়টি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিমন নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায়। সর্বশেষ শুক্রবার গাঁজা সেবনের পর তিনি বাবা-মাকে মারধর করলে অতিষ্ঠ পরিবারের সদস্যরা প্রশাসনের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় লিমনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।