খুলনা অফিস
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে অজ্ঞাত (২৯) এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও অথবা ঘটনাস্থলেই তাকে হত্যা করে ১০ গেট এলাকার একটি পরিত্যক্ত ঘরে মরদেহ ফেলে রেখে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ ও ভোঁতা বস্তুর আঘাতের একাধিক রক্তাক্ত জখম রয়েছে। প্রাথমিক আলামত পর্যালোচনা করে পুলিশের ধারণা, গত মঙ্গলবার (২১ জুলাই) দিন বা রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় স্থানীয়রা বিদ্যুতের খুঁটির পাশে থাকা একটি পরিত্যক্ত ঘরের ভেতরে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। আলামত সংগ্রহসহ প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।