কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে কেশবপুর উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশবপুর সদরে আসছিলেন। শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ভোলা-জ-১১-০০০৮) তাকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করতে পারলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।