সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার রাত ১১ টার দিকে সীমান্ত নদী ইছামতিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান।
তার ফেরার নির্ধারিত সময় পার হলেও বাড়ি না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। স্থানীয় বাসিন্দারাও তাদের সাথে যোগ দেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর নানা জায়গায় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, বিশেষ ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
অবশেষে শুক্রবার রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলের নজরে পড়ে একটি মরদেহ। তিনি পিয়ার আলীর ছেলে আব্দুস সবুরকে ফোনে জানালে তারা সহযোগীদের নিয়ে মরদেহটি উদ্ধার করেন। মরদেহটি নিখোঁজ জেলে পিয়ার আলী গাজীর বলে স্বজনরা শনাক্ত করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম লাশ উদ্ধারের এখবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।