ঝিনাইদহ প্রতিনিধি
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরনো ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী এসময় বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল, যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।’
একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ‘প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এনসিপি যেভাবে বক্তব্য দিচ্ছে তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। আমরা এনসিপিকে পরামর্শ দেবো, নাসিরুদ্দীন পাটোয়ারীকে বাদ দিয়ে তারা দেশের যেখানেই রাজনৈতিক কর্মসূচিতে যাক না কেন, বিএনপি তাদের সার্বিক সহযোগিতা করবে।’
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।