মাগুরা প্রতিনিধি
মাগুরায় কামরুল হাসান শিবলু (৪৫) নামে এক ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছেন। তিনি নিজ বাসার গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন বলে বলা হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে মাগুরা শহরের ভায়না টিটিসিপাড়া এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান শিবলু একই এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। তিনি ভায়না মোড়ে বাসের টিকিট বিক্রি করতেন।
নিহতের ছেলে পাভেল মুন্সি জানান, পারিবারিক কলহের জেরে সোমবার সকালে নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে তার বাবা এই আত্মহত্যার ঘটনা ঘটান।
মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুহুল আমিন জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানালার গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।