শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাড়ি থেকে উদ্ধার করা অজগরটি সুন্দরবনের গভীর জঙ্গলে অবমুক্ত করে বন বিভাগ। প্রতিনিধি
ছবি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নে একটি বাড়ি থেকে প্রায় ৮ ফুট লম্বা ও আনুমানিক ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটি সুন্দরবনের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মুক্তার গাজীর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা শামিম হোসেন জানান, সকালে মুক্তার গাজীর বাড়ির আশপাশে অজগরটি দেখতে পান পরিবারের সদস্যরা। বাড়ির কাছে এত বড় সাপ দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের মাধ্যমে বন বিভাগকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা ও বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে অজগরটি উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা মো. এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৮ ফুট লম্বা ও আনুমানিক ৩০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, অজগরটি নিরাপদে অবমুক্ত করার জন্য কলাগাছিয়া টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
বন বিভাগের এই কর্মকর্তা বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকায় প্রায়ই বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। বন্যপ্রাণী দেখতে পেলে আতঙ্কিত না হয়ে সেটিকে আঘাত বা হত্যা না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।