স্টাফ রিপোর্টার
, যশোর
বাংলাদেশে বেড়াতে এসে ভারতে ফেরার পথে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি কলকাতার বাসিন্দা।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল চেকপোস্টে একটি পরিবহন থেকে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গৌতম মিস্ত্রি। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে ভারতে ফেরার জন্য বুধবার ভোরে বেনাপোল চেকপোস্টে আসেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তার স্ত্রী সঙ্গে রয়েছেন। মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হবে।