স্টাফ রিপোর্টার
, যশোর
গ্যাস ট্যাবলেট সেবনে মানসিক ভারসাম্যহীন ইয়াসিন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত ইয়াসিন মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের মদনপুর গ্রামের শাহাদতের ছেলে।
সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ইয়াসিনের ভাই রাহেল জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তার মামার বসতবাড়িতে ইয়াসিন গ্যাস ট্যাবলেট সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।
মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক আহম্মেদ তারেক শামস্ বলেন, গ্যাস ট্যাবলেটের বিষ ইয়াসিনের শরীরের ছড়িয়ে যায়। মেডিসিন দিয়েও শারীরিক অবস্থার উন্নতি সম্ভব হয়নি।
দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।