যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩০ এ এম
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৬ এ এম
সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতক্ষীরা পুরাতন মায়ের বাড়ির নাটমন্দিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার শীল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি এবং জয় মহাপ্রভু সেবক সংঘের জেলা সভাপতি ডা. সুশান্ত ঘোষ।

বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানবজাতিকে সত্য, ন্যায়, প্রেম, মানবিকতা ও ধর্মের পথে চলার শিক্ষা দেয়। অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠাই শ্রীকৃষ্ণের জীবনাদর্শের অন্যতম শিক্ষা। তার আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে—এটাই রাষ্ট্রের প্রত্যাশা। জন্মাষ্টমীর এই আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে। সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়; তার জীবনাদর্শ মানবিকতা, ন্যায় ও কল্যাণের পথ দেখায়। নতুন প্রজন্মের কাছে এসব মূল্যবোধ তুলে ধরতে ধর্মীয় ও সামাজিকভাবে এ ধরনের আয়োজনের গুরুত্ব রয়েছে।

আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে দুপুরে ভাগবত আলোচনা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ও শোভাযাত্রা বের হয়।

দিনব্যাপী কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মন্দির ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং ভক্তরা অংশ নেন। জন্মাষ্টমী উপলক্ষে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)