বিয়ের ১৭ দিনের মাথায়
কয়রা (খুলনা) প্রতিনিধি
বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় খুলনার কয়রায় শ্বশুরবাড়িতে খালিদ হাসান (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালিদ হাসান উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের রহিম সরদারের ছেলে।
এলাকাবাসী জানায়, ১৭ দিন আগে খালিদ হাসানের সাথে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সাথে বিয়ে হয়। শুক্রবার রাতে খালিদ তার স্ত্রীসহ গোবরা গ্রামে তার শ্বশুরবাড়িতে ছিলেন। ওইদিন রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ঘরের মধ্যে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার স্ত্রী। তার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে খালিদকে মৃত অবস্থায় উদ্ধার করে।
তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। সকালে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কি কারণে সে আত্মহত্যা করেছে সে রহস্য উদঘাটনের বিষয়ে তদন্ত চলছে।