স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদের অভিযোগে গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিএম এলোম হোসেন রানা।
শনিবার (৫ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রানা বলেন, সুজনের করা অভিযোগ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ২০২৫ সালের ২৭ জানুয়ারি ১ দশমিক ৫০ শতক জমি ১ লাখ ৬০ হাজার টাকায় বায়না করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে ২০২৬ সালের ৬ মে ওই জমি ২ লাখ টাকায় রেজিস্ট্রি করে দেওয়া হয়।
রানা আরও অভিযোগ করেন, মৃত শহর আলীর বিধবা স্ত্রী হনুফা বেগম ও তার ওয়ারিশদের সঙ্গে সুজনের জমি নিয়ে বিরোধ রয়েছে। তিনি দাবি করেন, ওই জমি দখল এবং অন্যের কাছে বিক্রির চেষ্টার অভিযোগে আদালতের মাধ্যমে জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রানা বলেন, জমিতে প্রাচীর নির্মাণের চেষ্টা ঠেকাতে গেলে হনুফা বেগম ও তার সন্তানদের মারধর করা হয়েছে। তবে এসব ঘটনা আড়াল করে সুজন তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে রানা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় মিলন হোসেন, রুবেল হোসেন, আলমগীর হোসেন, হনুফা বেগম, আরিফুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।