ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচি আয়োজন করে ‘ঝিনাইদহ জেলা রেললাইন, মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি’।
এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের সভাপতি তপন কুমার বিশ্বাস, জজ কোর্টের এপিপি মনিরুল ইসলাম মিল্টন, বাসদের সমন্বয়ক আসাদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ নাহিদ আক্তার, সাইদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহর দীর্ঘদিন ধরে রেলযোগাযোগ ও উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এলাকার মানুষের কথা চিন্তা করে জেলাশহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান তারা।