বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
'ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বিশেষ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সকালে বাঘারপাড়া উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপণ এবং উদ্ধার অভিযান বিষয়ক বিশেষ সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকারের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন, নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী অন্তরা বিশ্বাস প্রমুখ।