যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গুজব ও উসকানির বিরুদ্ধে পুলিশের কঠোর হুঁশিয়ারি

নিরাপত্তা নজরদারিতে ঝিকরগাছার ৫৯ মণ্ডপে দুর্গোৎসব

সম্প্রীতি বজায় রাখার আহ্বান সব মহলের

তারিক মোহাম্মদ

, ঝিকরগাছা (যশোর)

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০১:৪২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০২:৫৬ পিএম
নিরাপত্তা নজরদারিতে ঝিকরগাছার ৫৯ মণ্ডপে দুর্গোৎসব

কঠোর নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতির মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছায় শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার উপজেলার ৫৯টি পূজামণ্ডপে উৎসব উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় আটটি এবং ১১টি ইউনিয়নে ৫১টি মণ্ডপ রয়েছে।

গত সোমবার মহালয়া উদযাপনের মধ্যদিয়ে উৎসবের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা এবং বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে উৎসবের। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে উৎসবকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি মাঠে থাকবেন সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ ও বিশেষ স্বেচ্ছাসেবক দল। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনা ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর নেতারা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক তড়িৎ দাস, নেতা মৃণালকান্তি দত্ত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের সভাপতি শ্যামল রায় শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে উৎসব আনন্দমুখর হবে।

পূজা আয়োজনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একাত্মতা প্রকাশ করেছে স্থানীয় রাজনৈতিক দলগুলো।

ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে জন্য দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং নেতাকর্মীদের মণ্ডপে মণ্ডপে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম ও সেক্রেটারি নজরুল ইসলাম খান বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার নাগরিক দায়িত্ব।

পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক রেজাউর রহমান বাবলুও মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেন ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। মণ্ডপ ও আশপাশ এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কেউ পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তারা সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)