সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগ মুহূর্তে সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামের এক নববধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
নিহত তন্নী দে কুমিরা গ্রামের অমিত ডেকোরেটরের মালিক মহাদেব দের একমাত্র মেয়ে। প্রায় এক বছর আগে যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামের মৃদুল দের সঙ্গে তার বিয়ে হয়। দুর্গাপূজা উপলক্ষে তিনি বাবার বাড়ি পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে অন্যান্য নারীর সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তন্নী। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তন্নীকে মৃত ঘোষণা করেন।
রাতেই তার মরদেহ কুমিরা বাসস্ট্যান্ড এলাকার বাবার বাড়িতে নিয়ে আসা হলে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ কুমিরা গ্রামে তার বাবার বাড়িতে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।