খুলনা অফিস
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে নিহত তুষারের লাশের পাশে তার ব্যবহৃত একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ (R15) মোটরসাইকেল পড়ে ছিলো।
নিহত তুষার নগরীর জিন্নাহপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নগরীর চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশের সহযোগী। তুষারের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেলে করে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে খুলনা থানা পুলিশ লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তুষার এলাকার চিহ্নিত অপরাধী পলাশের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।