শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গাবুরা ইউনিয়নে বনদস্যু নির্মূল ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় গাবুরা ইউনিয়নের নয় নম্বর সোরা এলাকার বেড়িবাঁধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবন উপকূলের হাজার হাজার জেলে, বাওয়ালি ও স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন মাছ ধরা, কাঁকড়া আহরণ ও গোলপাতা সংগ্রহ। প্রতিদিন জীবিকার তাগিদে অসংখ্য মানুষ সুন্দরবনের নদী-খালে প্রবেশ করেন।
কিন্তু সাম্প্রতিক সময়ে বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণের আতঙ্ক তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকাকে চরম সংকটে ফেলেছে। সুন্দরবনের ওপর নির্ভরশীল উপকূলীয় মানুষের জীবন রক্ষা করতে হলে বনদস্যুদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ও সমন্বিত অভিযান পরিচালনা করা জরুরি।
আয়োজক কমিটির পক্ষে কামরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন লিটন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাস্টার আব্দুর রহিম, মাওলানা এছাহাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, নারী সদস্য ফরিদা পারভীন এবং আশিকুর রহমান।