খুলনা অফিস
জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা জনগণকে সাথে নিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থক কঠোরভাবে প্রতিহত ও প্রতিরোধ গড়ে তুলবে।
হাজার হাজার রাজনৈতিক কর্মী ছাত্র-জনতাকে হত্যা শুধু নয় গণহত্যাকারী খুনিকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। বন্দীবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আনতে বিএনপি সরকার আলোচনা চলমান রেখেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে দলীয় কার্যালয় পুড়িয়ে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে বাধাগ্রস্তকারী আওয়ামী সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
বুধবার বিকেলে দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির সন্ত্রাস প্রতিরোধ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, বিগত ১৭ বছরে দাকোপে একাধিক গায়েবি মামলা দিয়ে শত শত নেতাকর্মীকে জেল-জুলুম নির্যাতন করা হয়েছিল। যারা এই সকল কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখনই প্রধানমন্ত্রী তারেক রহমান দাকোপ উপজেলাকে অত্যাধুনিক সুবিধাসহ ঢেলে সাজাতে চাইছেন, ঠিক তখনই নিষিদ্ধঘোষিত আওয়ামী ফ্যাসিস্টরা জ্বালাও পোড়াও করে এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেছে। এদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে আরও বেশি কঠোর হতে হবে।প্রতিটি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আবেগতাড়িত হয়ে কথা বলবেন না। সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী, তাকে আইনের আওতায় এনে কঠোরহস্তে দমন করতে হবে। বিগত ১৭ বছর যারা জুলুম নির্যাতন হয়রানি করেছে, যারা কেন্দ্র দখল করে বিনা ভোটে জনপ্রতিনিধি হয়েছে তারা কীভাবে জনসম্মুখে এখনো হংকার দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভীতিকর পোস্ট করে আতঙ্ক ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি ‘
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, সাবেক যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আইয়ুব হোসেন মোল্লা।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সদস্য সচিব আল-আমিন সানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরামুল সানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক গাজী জাহাঙ্গীর আলম ও দীপক কুমার, শহিদুল ইসলাম, বাচ্চু ফকির, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আইয়ুব কাজী, বিল্লাল হোসেন মোল্লা ও হাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশ ও প্রতিরোধ মিছিলের কর্মসূচি ঘোষণা
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে খুলনার সকল উপজেলা ও পৌর এলাকায় আগামী সাতদিন প্রতিবাদ সমাবেশ ও প্রতিরোধ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ বিজ্ঞপ্তিতে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের এ কর্মসূচি সফলে সর্বাত্মক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।