মেহেরপুর রংমহল সীমান্তে
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের (জোরপূর্বক প্রবেশ করানো) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাদের এ চেষ্টা ব্যর্থ হয় এবং পরবর্তীতে ওই চার পুরুষকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুজ্জামানের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিয়োজিত বিজিবির টহল দলের সতর্ক অবস্থান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা শনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে বিএসএফের এ অপচেষ্টা প্রতিহত করেন।
পরবর্তীতে সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরিয়ে নেয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।