স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ঝিকরগাছা উপজেলায় একতলা ঘরের ছাদ থেকে পড়ে বুলবুলি বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার গঙ্গাধরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলবুলি বেগম ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
নিহতের পুত্রবধূ রিপা খাতুন জানান, গত দুই দিনের টানা বৃষ্টিতে ঘরের ছাদে রাখা জ্বালানি কাঠ (খড়ি) ভিজে যাচ্ছিল। শুক্রবার সকালে বুলবুলি বেগম সেই কাঠ বৃষ্টির পানি থেকে রক্ষা করতে একতলা ঘরের ছাদে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ১০টা ২০ মিনিটে তাকে ভর্তি করা হয়। তবে ভর্তির কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ জানান, ছাদ থেকে পড়ে ওই বৃদ্ধা মাথায় ও কোমরে গুরুতর আঘাত পান। আঘাতের কারণে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।
হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য জুয়েল হোসেন জানান, মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছিল। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।