কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ভাঙাড়ি দোকানে কুড়িয়ে পাওয়া ককটেল সাদৃশ্য বোমা বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে শহরের মজমপুর রেলগেটের কাছে রেল লাইনের পাশে ভাঙাড়ি দোকানের সামনে এই ঘটনা ঘটে।
আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা জব্বারের ছেলে ভাঙাড়ি বিক্রেতা সুমন (৩৫) ও জগতি পালপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে ভাঙাড়ি বিক্রেতা রুহুল আমিন (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত সুমন নামের ওই ব্যক্তি প্রতিদিনের মতো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভাঙাড়ি কুড়িয়ে বেলা শেষে সেগুলি বিক্রয়ের উদ্দেশ্যে রুহুল আমিনের ভাঙাড়ির দোকানে আসেন।
এসময় বস্তাভর্তি ভাঙাড়ি উল্টে ঢালতেই বস্তা থেকে লাল টেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তুটি নিচে পড়তেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং বিস্ফোরণে ভাঙাড়ি দোকানদার রুহুল ও সুমন দুজনেই আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তারা দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন বলেন ‘শুক্রবার বিকেলে বোমা বিস্ফোরণ ইনজুরি নিয়ে সুমন ও রুহুল আমিন নামের দুইজন রোগী জরুরি বিভাগে আসেন। তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত দুজনেরই দুই পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।