যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০১:০০ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৩:১২ পিএম
মহেশপুরে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে বাবা মাহাবুর তরফদারের (৮০) লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদারপাড়ায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মাহাবুর তরফদার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রয়াত মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন মেজো ছেলে বাক্‌প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন। তারা অভিযোগ করেন, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের; যার পরিপ্রেক্ষিতে দুই বছর আগে তারা আদালতে মামলাও করেছিলেন। এ অবস্থায় প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা বাবার লাশ দাফন করতে দেবেন না বলে জানিয়ে দেন।

অন্যদিকে, জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার।

তাদের দাবি, কোনো ধরনের জোরজবরদস্তি করা হয়নি; বরং বাবা স্বেচ্ছায় দুই ছেলের নামে জমি লিখে দিয়েছেন।

এদিকে, একজন প্রয়াত ব্যক্তির লাশ দাফনে বাধার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মৃতদেহের প্রতি সম্মান জানিয়ে এবং মানবিক দিক বিবেচনা করে দ্রুত এ অচলাবস্থা নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘কবর খুঁড়ে রাখতে বলা হয়েছে, আমি ঘটনাস্থলে গিয়ে দাফনের ব্যবস্থা করবো।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)