কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের আর্থিক সহায়তার চেক তুলে দিচ্ছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর ও জেলা প্রশাসক নোমান হোসেন—
ছবি:
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে এবং আহত ৫৬ জনকে সর্বোচ্চ তিন লাখ টাকা করে মোট তিন কোটি ৮২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবার এবং পঙ্গুত্বসহ নানা শারীরিক ক্ষতির শিকার ব্যক্তিদের পুনর্বাসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্ট বোর্ড এই সহায়তা প্রদান করে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঝিনাইদহে বিআরটিএ ট্রাস্ট বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক হস্তান্তর অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, সাইফুর রহমান ও নারায়ণ চন্দ্র পাল, ঝিনাইদহ বিআরটিএ এর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস এবং মোটরযান পরিদর্শক প্রকৌশলী সজীব সরকার ও সোহাগ হুসাইন।
সহায়তা পাওয়া নিহতের পরিবারের সদস্য হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামের আনেছা জানান, সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে তিনি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। সংসার চালানো, দৈনন্দিন খরচ ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছিল তার। সরকারের দেওয়া এই পাঁচ লাখ টাকা তার পরিবারকে স্বাবলম্বী হতে এবং ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একইভাবে দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্বের শিকার কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও সদর উপজেলার জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কর্মক্ষমতা হারিয়ে চিকিৎসা ও সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। সরকারের দেওয়া তিন লাখ টাকা তাদের অসহায় জীবনে বড় উপকারে আসবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জীবনে মুহূর্তেই সবকিছু বদলে দেয়। উপার্জনক্ষম মানুষটি হারিয়ে গেলে পরিবার শুধু আর্থিক সংকটেই পড়ে না, সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও জীবনের নিরাপত্তাও অনিশ্চিত হয়ে পড়ে। আর পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের জন্য স্বাভাবিক জীবনে ফেরা আরও কঠিন হয়ে ওঠে।
এমন বাস্তবতায় সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।