মাগুরা প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা হয়।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল ওহাব।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ১০টায় শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং তিন দিনব্যাপী বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে দিবস দুটির গুরুত্ব তুলে ধরে যথাযথ কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।