অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন করেছেন রুহুল আমিন (৩৮) নামে এক ব্যক্তি। রুহুল আমিন উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। শনিবার (০২ মে) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রুহুল আমিনের পক্ষে তার বড়বোন রওশনারা পারভীন লিখিত বক্তব্যে বলেন, ‘আমার ছোটভাই দীর্ঘদিন যাবৎ মাদক বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যে কারণে মাদকদ্রব্য, হত্যাসহ প্রায় দশটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
বাবার মৃত্যুর পর স্থানীয় এক মাদক ব্যবসায়ীর ষড়যন্ত্রে মাদক সেবনের পাশাপাশি ব্যবসায় জড়িয়ে পড়ে সে। এরপর শুরু করে বিভিন্ন অরাধমূলক কর্মকাণ্ড।’
রওশনারা পারভীন আরও বলেন, ‘তার ভাই রহুল আমিন আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ সমাজের সকল স্তরের মানুষের কাছে ওয়াদাবদ্ধ যে, আর কখনও মাদকসহ অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে না সে।
আগামীতে তার বিরুদ্ধে মাদকসহ কোনো প্রকার অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকে প্রশাসনের নিকট সোপর্দ করা হবে। সম্প্রতি মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার পর কতিপয় মাদক ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার অব্যাহত রেখেছেন। তাই বিষয়টি যাচাই-বাছাই করে দেখার অনুরোধ জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত রুহুল আমিন বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, তিনি লেখাপড়া জানেন না। অভিভাবকহীন জীবনে বিপথগামী মানুষের প্ররোচনা ও নানা প্রলোভনে মাদক ব্যবসাসহ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিলেন।
রাজনৈতিকভাবে নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন তিনি। এখন থেকে স্ত্রী, সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।