ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার নগরবাথান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাসুদ হোসেন, তিনি সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন মাসুদ হোসেন।
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুদ রাস্তা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।