মাগুরা প্রতিনিধি
প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির বিষয়ে মাগুরায় সেমিনার হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মাগুরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার আয়োজন করে।
সেমিনাররের শিরোনাম ছিল, ‘প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য’।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধা। বিশেষ অতিথি ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহিদুল আলম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী জয়নুর রহমান।
বক্তারা বলেন, দেশের মোট জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী ব্যক্তি। তাদের পিছিয়ে রেখে টেঁকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা উপবৃত্তি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকার বাস্তবমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিক্ষা উপবৃত্তি কর্মসূচি এসব উদ্যোগের মধ্যে অন্যতম, যা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখছে।