যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় কপোতাক্ষের স্রোতে নিখোঁজ ঘাটশ্রমিকের মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৮:০২ পিএম
পাইকগাছায় কপোতাক্ষের স্রোতে নিখোঁজ ঘাটশ্রমিকের মরদেহ উদ্ধার

কপোতাক্ষ নদীর তীব্র স্রোতে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর খুলনার পাইকগাছায় ঘাটশ্রমিক দীপঙ্কর মণ্ডল (৩৫) -এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপজেলার রাড়ুলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোরহানপুর গ্রামের ভরভোরিয়া স্লুইস গেট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত দীপঙ্কর মণ্ডল রাড়ুলী পশ্চিমপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় বিভিন্ন হাটবাজারে মালামাল ওঠানো নামানোর কাজ করতেন।

রোববার (২১ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাড়ুলী পশ্চিমপাড়া স্টিমার ঘাট এলাকায় কপোতাক্ষ নদীতে হাত-পা ধোয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান দীপঙ্কর। সে সময় নদীতে তীব্র স্রোত থাকায় মুহূর্তেই তিনি পানির নিচে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালালেও রাতের অন্ধকার ও উত্তাল নদীর কারণে তাকে খুজে পাওয়া যায়নি।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল কপোতাক্ষ নদীর বিভিন্ন স্থানে ট্রলার নিয়ে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে দুপুরে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বোরহানপুর এলাকার ভরভোরিয়া স্লুইস গেটের কাছে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে ডুবুরি দল মরদেহটি উদ্ধার করলে স্বজনরা সেটিকে দীপঙ্কর মণ্ডলের মরদেহ হিসেবে শনাক্ত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববারও তিনি কপিলমুনি বাজারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি স্টিমার ঘাটে পৌঁছে শরীর ও হাত-পা পরিষ্কার করতে নদীর পাড়ে নামলে এই দুর্ঘটনার শিকার হন।

দীপঙ্করের মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাড়ুলী পশ্চিমপাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে বৃদ্ধ মা-বাবা ও স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)