স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাকিবুল হাসান জেলার ঝিকরগাছা উপজেলার জাফরনগর গ্রামের মো. জয়নালের ছেলে।
বাবা জয়নাল জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে যার যার কক্ষে ঘুমাতে যান। শুক্রবার ভোররাতে রাকিবুল নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় হঠাৎ চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘরে ছুটে গিয়ে দেখেন, জানালা দিয়ে একটি কালো রঙের সাপ নেমে যাচ্ছে। এতে তারা নিশ্চিত হন যে, বিষধর সাপ রাকিবুলকে কামড় দিয়েছে।
পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ভোর ৬টার দিকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত ডা. সাকিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই যুবকের শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল। যার কারণে জরুরিভিত্তিতে এন্টিভেনম দেওয়ার পরও রাকিবুলকে বাঁচানো সম্ভব হয়নি।