স্টাফ রিপোর্টার
, যশোর
১২ দফা দাবি আদায়ে বিদ্যুৎ কর্মীরা যশোরে গেট সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
বকেয়া পাওনা ও চাকরির সুযোগ-সুবিধা আদায়সহ বৈষম্য দূরীকরণের দাবিতে শনিবার যশোর শহরের চিত্রা মোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর। তিনি কর্মচারীদের ১২ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে ছিনিমিনি খেলা হচ্ছে। অবিলম্বে তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে। অন্যথায় সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিকনেতা ফারুক আহমেদ। তিনি সমাপনী বক্তব্যে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকারের কথা বলছি। প্রশাসন যেন আমাদের ধৈর্যের পরীক্ষা না নেয়। অবিলম্বে ১২ দফা বাস্তবায়ন করতে হবে।’
সমাবেশে বিপুল সংখ্যক বিদ্যুৎকর্মী ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন এবং দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।