অভয়নগর (যশোর) প্রতিনিধি
সরকারি সকল বরাদ্দের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে বলে উল্লেখ করেছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রছুল। তিনি বলেন, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্যদিয়ে সঠিক প্রক্রিয়ায় ক্রয় ও বিতরণ নিশ্চিত করতে হবে।
শনিবার (২৭ জুন) দুপুরে অভয়নগরে গরীব, অসহায় ও দু:স্থ জনগণের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার ইত্যাদি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও স্টিলের আলমারি বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিশেষ বরাদ্দের আওতায় অভয়নগর উপজেলা প্রশাসন তাদের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তৃতায় এমপি বলেন, জনগণের স্বার্থে প্রকল্পের সুফল যেন প্রকৃত জনগণের কাছেই পৌঁছে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। এ লক্ষ্যে সবপর্যায়ে কঠোর নজরদারি বজায় রাখার আহবান জানান তিনি।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, সহসেক্রেটারি গোলাম মোস্তফা ও এনসিপি উপজেলা শাখার সভাপতি শাহজাহান কবীর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মহিউল ইসলাম।
উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় অভয়নগরে ২০টি সেলাই মেশিন, ১০টি হুইল চেয়ার, ১২টি স্টিলের আলমারি, ৮২টি সিলিং ফ্যান, ৪৫ বান্ডিল ঢেউ টিন, দুই হাজার ৩৫০ কেজি রড, দুই হাজার ২০০ স্কয়ার ফিট টাইল্স ও ৩৪টি চেয়ার বিতরণ করা হয়েছে।