ঝিনাইদহ প্রতিনিধি
‘কালো জাদু’ বন্ধের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্কুলটির শিক্ষার্থীরা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
দশম শ্রেণির এক ছাত্রীর আচরণে হঠাৎ পরিবর্তনকে কেন্দ্র করে 'কালো জাদু' নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এরই জেরে রোববার (২৮ জুন) তারা এই কর্মসূচি পালন করে।
উপজেলার কালুখালী মধুপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে কালো জাদু বন্ধের দাবি জানায়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের দশম শ্রেণির এক মেধাবী ছাত্রীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় বলে তাদের দাবি। এ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীদের একাংশের মধ্যে ধারণা তৈরি হয়, ওই ছাত্রী ‘কালো জাদু'র শিকার হয়েছেন। সেই বিশ্বাস থেকেই তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। তবে স্থানীয়দের একটি অংশ বিষয়টিকে কুসংস্কার বলে অভিহিত করেছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের এমন বিশ্বাস দুঃখজনক। কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
আরেক বাসিন্দা আব্দুল আজিজ বলেন, বিদ্যালয় শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলারও দায়িত্ব পালন করে। এমন ঘটনা উদ্বেগের বিষয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিয়ার রহমান বলেন, ‘আমি একটি কাজে বিদ্যালয়ের বাইরে ছিলাম। ফিরে এসে বিষয়টি জানতে পারি। সোমবার শিক্ষার্থীদের অভিভাবকদের ডাকা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে বিদ্যালয়ে খোজ নিচ্ছি।’