খুলনা অফিস
খুলনার রূপসায় ঘেরে ডুবে সিজাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকার মদিনা সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সিজাদ জয়পুর গ্রামের মদিনা সড়কের বাসিন্দা মুরাদ শরীফের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সিজাদ মদিনা সড়কের পাশে অবস্থিত ইব্রাহিমের ঘেরে গোসল করতে নামে। এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।
পরবর্তীতে রাস্তার পাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ঘেরের পানিতে নেমে তল্লাশি চালিয়ে সিজাদকে উদ্ধার করে। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক সিজাদকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।