স্টাফ রিপোর্টার
, যশোর
শহরে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টিকারী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান।
ট্রাফিক পুলিশের একাধিক দল শহরের দড়াটানা, হাসপাতাল মোড়, গাড়িখানা, এমকে রোড ও লালদীঘিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা সাতটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ। পরে সেগুলো ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
একইসাথে সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন মোটরসাইকেল ও যানবাহনের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বেশকিছু গাড়ি মালিককে সতর্ক করা হয়। সচেতন করা হয়েছে বিভিন্ন দোকানিকেও।
ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান সুবর্ণভূমিকে বলেন, ‘যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, শহরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করার জন্য চালক ও মালিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।