অভয়নগর (যশোর) প্রতিনিধি
২০২৫-২৬ অর্থবছরে যশোরের অভয়নগরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে এক হাজার ৯৪৬ জন প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে প্রণোদনা দিয়েছে। আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার (২৯ জুন) বিকেলে এ প্রণোদনা দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে রোপা আমন ও শীতকালিন পেঁয়াজ বীজ, গাছের চারা, রাসয়নিক ও জৈব সার, কীটনাশক, প্লাস্টিকের ড্রামসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুনের সভাপতিত্বে প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান, কামরুল হাসান, সাংবাদিকসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন জানান, খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ২১০ জনকে পাঁচ কেজি করে রোপা আমন বীজসহ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।
এছাড়া ২০ জনকে ১৬০ কেজি করে শীতকালিন পেঁয়াজ বীজসহ ২০ কেজি করে ডিএপি ও ২০ কেজি করে এমওপি সার এবং দেড় কেজি করে কীটনাশক ও একটি করে প্লাস্টিক ড্রাম দেওয়া হয়েছে।
৬০০ জনকে ৫টি করে গাছের চারাসহ ৪০ কেজি করে জৈব সার ও ৫টি করে বাঁশের খুটি দেওয়া হয়েছে।
৭৬টি প্রতিষ্ঠানে ১০টি করে গাছের চারাসহ ৮০ কেজি করে জৈব সার ও ১০টি করে বাঁশের খুটি দেওয়া হয়েছে। ৫টি করে লেবুর চারা ও ৮ কেজি করে জৈব সার ৪০ জনকে দেওয়া হয়েছে। সর্বমোট উপকারভোগী এক হাজার ৯৪৬ জন।