ঝিনাইদহ প্রতিনিধি
ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামে আসিফ জোয়ার্দ্দার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের নায়েব আলী জোয়ার্দ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, আসিফ জোয়ার্দ্দার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বন্দেখালী গ্রামের মধ্যে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সাথে ধাক্কা খান।
এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনার পর ইজিবাইকটি জব্দ করা হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ও মোটরসাইকেল তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।