কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে কুকুরের কামড়ে ছয়জন জখম হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া ও কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের হাটচাঁদনি এলাকা থেকে একটি কালো রঙের কুকুর তাদের কামড় দেয়।
আহতদের সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে নলডাঙ্গা সড়ক ধরে একটি কালো রঙের কুকুর পাইকপাড়া এলাকায় আসে। এরপর কুকুরটি একে একে পাঁচজনকে কামড় দেয়। পরে একই সড়ক ধরে কালীগঞ্জ বাজারে প্রবেশ করে। এসময় বাজারের পুরাতন হাটচাঁদনী এলাকায় দাঁড়িয়ে থাকা এক ব্যবসায়ীর ওপর হামলে পড়ে। পরে স্থানীয়রা তাদের সবাইকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কুকুরের কামড়ে জখম পাইকপাড়া গ্রামের ভ্যানচালক ইসমাইল হোসেন বলেন, ‘ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলাম, তখন একটি কুকুর আচমকা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে কামড় দেয়। একই সময় পাইকপাড়া গ্রামের নারীসহ আরো চারজনকে কামড় দেয় কুকুরটি।’
কুকুরের কামড়ে জখম আসুম কাজী জানান, ব্যবসার মাল নিতে দুপুরে কালীগঞ্জ শহরে এসেছিলেন। হঠাৎ একটি কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে হাতের একটি আঙুলের আংশিক ছিঁড়ে ফেলে।
তিনি বলেন, ‘আমার পরিহিত জামা ও প্যান্ট ছিঁড়ে ফেলে কুকুরটি। পরে সেখানকার লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায় ‘
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, কুকুরের কামড়ে জখম ছয়জন হাসপাতালে এসেছিলেন। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরবর্তী ভ্যাকসিন নেওয়ার সময় উল্লেখ করে চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে।